নিজস্ব প্রতিবেদক

নির্বাচন ও গণভোট আয়োজনে বাজেট নিয়ে কোনো ধরনের সংকট হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাজেট যথেষ্ট আছে এবং প্রয়োজনে বাড়ানো হবে।”
সোমবার দুপুরে সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য ইতিমধ্যে যে বাজেট বরাদ্দ করা হয়েছে, গণভোট যুক্ত হওয়ায় সেটি কিছুটা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের ব্যবস্থা করাও ব্যয়ের পরিমাণ বাড়াবে।
তিনি বলেন, “নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দেব। গণভোট সংযুক্ত হওয়ায় কিছু অতিরিক্ত ব্যয় হবে—এটা স্বাভাবিক। তবে বাজেটের অভাবে কোনো কার্যক্রম বন্ধ থাকবে না।”
সভা শেষে তিনি আরও জানান, সরকারের ক্রয়সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছতা ও দ্রুততার মধ্যে সম্পন্ন করতেই উপদেষ্টা পরিষদ কাজ করছে।
এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীদের অনলাইন বা দূতাবাসভিত্তিক ভোটগ্রহণের সম্ভাব্য ব্যয় ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে কাজ চলছে।


