শোবিজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
তিনি বলেন, “আমাদের দেশের বর্তমান বাস্তবতায় মানুষের চাহিদা অনেক। আমি একজন শিল্পী, কোনো দলের প্রতিনিধি নই। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটুকু চাই—নির্বাচনে যেই জিতে আসুক না কেন, তারা আগে জনগণের কথা ভাবুক।”
নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের গুরুত্বের কথাও তুলে ধরেন তৌসিফ। তার মতে, “নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, নির্বাচন-পরবর্তী সময়ে সেগুলো ঠিক থাকা উচিত। প্রতিশ্রুতি রাখা হোক—এটুকুই আমাদের চাওয়া।”
অতীত অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “আগেও আমরা অনেকবার ধোঁকা খেয়েছি। অনেক মানুষ ধোঁকায় পড়ে দেশ ছেড়ে চলে গেছেন। কারও কাছ থেকে শুনেছি, বাংলাদেশের ওপর থেকে তাদের মন উঠে গেছে। তবে আমি এসব বিশ্বাস করি না।”
অভিনেতা স্পষ্ট করে জানান, “আমি জন্মের পর থেকে আমার দেশকে পাগলের মতো ভালোবাসি। মন থেকে বিশ্বাস করি—রাজনীতি হোক বা সংস্কৃতি, একদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক ভালো জায়গায় পৌঁছাবে।”


