প্রতিবেদক, যশোর

যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারে অননুমোদিতভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ৭০০ লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়।
অভিযানে খেদাপাড়া বাজারের ব্যবসায়ী তবিবর রহমানের ধান ও তেলের গুদাম থেকে চারটি প্লাস্টিক ড্রামে সংরক্ষিত এই জ্বালানি তেল জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের গুদামেও গোপনে কিছু তেল রাখা হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খবর পাওয়ার পর বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তেলের মালিক তবিবর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, “চার ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পরিমাণ আনুমানিক ৭০০ লিটার। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ফিলিং স্টেশনে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তবিবর রহমান অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে উচ্চ দামে বিক্রি করছিলেন। স্থানীয় এক বাসিন্দা জানান, বাজারে ১৮০–২০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রির অভিযোগ রয়েছে।
অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।


