অনলাইন ডেস্ক

দক্ষিণী চলচ্চিত্রের প্রসিদ্ধ পরিচালক অ্যাটলি তার নতুন সিনেমার মাধ্যমে আবারও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সঙ্গে কাজ করতে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্টের সাময়িক নাম ঘোষণা করা হয়েছে “এএ২২Xএ৬”।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অ্যাটলি এবং দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। অন্যদিকে, জওয়ান সিনেমার পর এটি দীপিকার সঙ্গে অ্যাটলির দ্বিতীয় সিনেমা হবে।
অ্যাটলি বলেছেন, “হ্যাঁ, দীপিকা আমার লাকি চার্ম। ওর সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। ও সত্যিই অবিশ্বাস্য।” তিনি আরও যোগ করেছেন, “মাতৃত্বের পরও দীপিকা এই সিনেমা শুরু করছে। দর্শক এবার একেবারে আলাদা দীপিকাকে দেখবে, এটা আমি নিশ্চিত।”
যদিও সিনেমার কাহিনী ও চরিত্র সংক্রান্ত বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবু ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে এটিকে অ্যাটলির ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। ভিজ্যুয়ালের বিস্তৃতি এবং তারকার উপস্থিতি মিলিয়ে এই সিনেমা প্রকাশের আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রকল্পটি নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহলে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং সিনেমাপ্রেমীরা মুখিয়ে আছেন দীপিকার নতুন লুক এবং আল্লু অর্জুনের সঙ্গে তার কেমিস্ট্রি দেখার জন্য।


