মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

দিপু চন্দ্র হত্যাকাণ্ড, পরিবারকে সহায়তার ঘোষণা সরকারের

পাঠক প্রিয়

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সরকার।

সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার মঙ্গলবার ময়মনসিংহে গিয়ে নিহত দিপু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দিপুর বাবা রাবিলাল দাসসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে সরকারের সহানুভূতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এ হত্যাকাণ্ডকে একটি জঘন্য ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত মতভেদ কখনোই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।”

অধ্যাপক আবরার বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় উত্থাপিত সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কোনো ব্যতিক্রম ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা হবে।

ধর্ম, জাতিসত্তা বা পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। তিনি সমাজের সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃত্বকে সহিংসতা প্রত্যাখ্যান এবং বিভাজন বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক সি আর আবরার জানান, নিহত দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহে আগুন দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে।

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই বছর ধরে সংশ্লিষ্ট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ