
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। চুক্তি সইয়ের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট লি জানান, চুক্তির অংশ হিসেবে সিউল পরমাণুচালিত সাবমেরিন নির্মাণ প্রকল্পে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এগোবে। কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে এ চুক্তি বড় ভূমিকা রাখবে। নতুন বাণিজ্য কাঠামোর মাধ্যমে প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা শিল্পে দুই দেশের যৌথ বিনিয়োগ বাড়বে।
সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পরিবর্তনশীল বিষয়গুলোর মধ্যে অন্যতম বাণিজ্য, শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় আলোচনাটি চূড়ান্ত হয়েছে। দুই দেশ পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একটি বাণিজ্য চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে আমেরিকান জাহাজ নির্মাণ খাতে ১৫০ বিলিয়ন ডলারের কোরিয়ান বিনিয়োগ এবং শিল্প খাতে অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার বরাদ্দ।
ওয়াশিংটন ও সিউলের কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই চুক্তি বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা হবে।


