অনলাইন ডেস্ক

ঢাকার তেজগাঁও কলেজের ছাত্রাবাসে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যার মামলায় গ্রেফতার মো. শামীম আহমেদ হৃদয়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার হৃদয়কে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মো. শামীম আহমেদ হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে সাকিবুল হাসান রানাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় প্রথমে শেরেবাংলা নগর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও পরে সাকিবুল হাসান রানার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা করা হবে।


