নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল কার্যকর করা হয়। ওসিদের নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে
একই দিনে ডিএমপির ডিসি (ডেপুটি কমিশনার) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটনে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে তালিকাভুক্ত কর্মকর্তাদের জনস্বার্থে তাদের নামের পাশে বর্ণিত থানায় বদলি বা পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পদায়ন কার্যকর থাকবে। আদেশটি অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচনের আগে রাজধানীতে নিরাপত্তা জোরদার, ভোটের আগে-পরে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং নির্বাচনি পরিবেশ স্বচ্ছ রাখতে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি জোরদার হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—তাই অভিজ্ঞতা ও প্রয়োজন বিবেচনায় এসব বদলি করা হয়েছে।


