নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক। আজ বুধবার দুপুরে এক সংক্ষিপ্ত রাষ্ট্রীয় সফরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে বিমানবন্দর থেকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যান সরদার আয়াজ সাদিক। সেখানে আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


