অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের নিয়ে যৌথ বৈঠকে বসছে। ‘ঢাকা শহরের বাড়ি ভাড়া’ বিষয়ক এই গোলটেবিল বৈঠক আগামী ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, রাজধানীর বাড়িভাড়া–সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা, অভিযোগ, অসঙ্গতি এবং সম্ভাব্য সমাধান নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হবে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সম্পর্ক স্বচ্ছ ও সহনীয় করার লক্ষ্যে ডিএনসিসি এই উদ্যোগ গ্রহণ করেছে।
সচিব আরও বলেন, শহরের জনগণের গুরুত্বপূর্ণ এই সমস্যাকে সমাধানের পথে আনতে প্রথমবারের মতো উভয় পক্ষকে একই আলোচনার টেবিলে বসানো হচ্ছে। এখানে ভাড়া বাড়ানো, চুক্তির স্বচ্ছতা, অতিরিক্ত অগ্রিম দাবি, রক্ষণাবেক্ষণ ব্যয়, নিরাপত্তা এবং অন্যান্য ভাড়াটিয়া–অধিকার নিয়ে মতামত তোলা হবে।
ডিএনসিসি মনে করছে, এ আলোচনা ভবিষ্যতে একটি নীতিগত সুপারিশ বা নির্দেশনা তৈরির পথ সুগম করবে, যা নগরবাসীর জন্য একটি কার্যকর ভাড়া ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে।
সভায় অংশ নিতে ইতোমধ্যে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে বাড়িমালিক ও ভাড়াটিয়াদের প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের নিয়মিত সংলাপ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।


