অনলাইন ডেস্ক

গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ সৌদি আরবসহ মোট আটটি মুসলিম দেশ যোগ দিতে সম্মত হয়েছে। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার।
খালিজ টাইমসের খবরে জানানো হয়, স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট দেশগুলো নিজ নিজ আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিগগিরই বোর্ডে যোগদানের নথিতে স্বাক্ষর করবে। এর আগে মিসর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে এই উদ্যোগে যোগদানের সম্মতি জানিয়েছিল।
যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর ২৮০৩-এর আওতায় গৃহীত গাজা সংঘাত অবসানের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী ‘বোর্ড অব পিস’-এর ম্যান্ডেট বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বোর্ড অব পিস’ একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামো হিসেবে কাজ করবে। এই বোর্ডের মূল লক্ষ্য হবে—
-
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা,
-
যুদ্ধবিধ্বস্ত অবকাঠামোর পুনর্গঠনে সহায়তা করা,
-
আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে ভিত্তি করে ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের এই উদ্যোগে যুক্ত হওয়া গাজা সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বোর্ডের কার্যকারিতা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তবসম্মত পদক্ষেপ, আন্তর্জাতিক সমন্বয় এবং মাঠপর্যায়ের পরিস্থিতির উন্নতির ওপর।


