টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল, ১৮ জানুয়ারি – টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে সোমবার সকাল অনুষ্ঠিত ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোটের প্রচারণা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। তিনি বলেন, “প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় গিয়ে জনগণকে গণভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন।”
উপদেষ্টা ফাওজুল কবির খান আরও বলেন, “গণভোট এবং ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে, যেখানে তারা গণভোটের প্রচারণার অংশ হিসেবে অংশগ্রহণ করবেন।”
তিনি তার বক্তব্যে গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সাবেক ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


