অনলাইন ডেস্ক

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ১০ হাজার ৯৭৯ কোটি ১ লাখ ৯ হাজার টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভা শেষে জানানো হয়, দেশের জ্বালানি চাহিদা নির্বিঘ্ন রাখতে আগাম ছয় মাসের জন্য এই আমদানি পরিকল্পনা নেওয়া হয়েছে। আমদানিকৃত এ তেল বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্পকারখানা ও অন্যান্য খাতে ব্যবহৃত হবে।
ক্রয়সংক্রান্ত এই প্রস্তাব অনুমোদনের মাধ্যমে পরবর্তী বছরের প্রথম ছয় মাসে বাজার স্থিতিশীলতা বজায় রাখা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া আরও সুসংহত হলো বলে সভা-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও বলা হয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, মূল্য ওঠানামা এবং দেশের জ্বালানি মজুত বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আশা করছে, পরিকল্পিত এই আমদানি কার্যক্রম দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জ্বালানি সরবরাহ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।


