অনলাইন ডেস্ক

ঢাকা, সোমবার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই; বরং গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি পেয়েছে। জনগণের স্বস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “স্পষ্ট করে বলতে চাই, এ পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। গত বছর এই সময়ে যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়েছিল, এ বছর তার চেয়েও বেশি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।”
বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে জ্বালানি পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে।
তিনি আরও বলেন, “এই বৈশ্বিক অভিঘাত বাংলাদেশেও এসে পৌঁছেছে। তবে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা সময়োপযোগী ও কার্যকর প্রস্তুতি গ্রহণ করেছি।”
মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দিন ১৭ ফেব্রুয়ারি দেশে ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার টন, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার টনে।
তিনি বলেন, “১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪১ দিনে ৪ লাখ ৮২ হাজার টন ডিজেল বিক্রি হয়েছে। এত বিপুল সরবরাহের পরও মজুত বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে, সরকার ধারাবাহিক আমদানি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।”
জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।


