অনলাইন ডেস্ক

জামায়াতের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ জানান, বর্তমানে সারা দেশে নির্বাচনী দায়িত্বে ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ দায়ের করতে পারবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন কিংবা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করেন, সেক্ষেত্রেও তার বিরুদ্ধে ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগের ধরন গুরুতর হলে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা গ্রহণ করবে।
দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার বলেন, “আমরা মনে করি নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান—একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন।”
এ সময় সম্প্রতি ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অপেশাদার আচরণের প্রসঙ্গ তুলে ধরে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসি মাছউদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয়—এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।


