অনলাইন ডেস্ক

রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন সরকারপ্রধান। সেখানে প্রশাসনিক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর বিকেলে তিনি জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতারের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জানান।
এছাড়া দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রমজানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজিত ইফতার মাহফিলগুলো শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং সমসাময়িক রাজনৈতিক যোগাযোগ ও সৌজন্য বিনিময়েরও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রধানমন্ত্রীর এ উপস্থিতি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
রমজান মাসজুড়ে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে ধারাবাহিকভাবে ইফতার মাহফিলের আয়োজন চলছে।


