অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) নতুন চেয়ারপারসন ও চারজন কমিশনার নিয়োগ দিয়েছে। চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন।
নিয়োগপ্রাপ্ত চার কমিশনারের মধ্যে দুজন ছিলেন অন্তর্বর্তী সরকার গঠিত গুম–সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য। তারা হলেন মো. নূর খান ও নাবিলা ইদ্রিস। অন্য দুই কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
নতুন চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী এর আগে অন্তর্বর্তী সরকার গঠিত গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। এর পর থেকে প্রায় দেড় বছর কমিশন কার্যত শূন্য অবস্থায় ছিল। সর্বশেষ নিয়োগের মাধ্যমে কমিশনটি পুনর্গঠন করা হলো।


