শোবিজ ডেস্ক

টিভি সিরিজ ‘দ্য ওয়েস্ট উইং’ এবং ‘ফিল্ড অব ড্রিমস’-খ্যাত অভিনেতা টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ গঠন করা হয়েছে।
নিউ মেক্সিকোর বার্নালিলো কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্যাম ব্রেগম্যান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগটি ‘দ্য ক্লিনিং লেডি’ সিরিজের পরিচালক হিসেবে কাজ করার সময় ওঠে। এই অভিযোগের প্রেক্ষিতে আগেই বাসফিল্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে তিনি সব অভিযোগই শুরু থেকেই অস্বীকার করেছেন। পুলিশে আত্মসমর্পণের পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
বাসফিল্ডের আইনজীবী ল্যারি স্টেইন সাংবাদিকদের বলেন, প্রসিকিউটররা ‘গ্রুমিং’ বা শিশুকে প্রলুব্ধ করার অভিযোগ আনার চেষ্টা করেছিলেন, কিন্তু গ্র্যান্ড জুরি সেটি নাকচ করে দিয়েছে। স্টেইনের দাবি, আটক পরবর্তী শুনানিতে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও প্রমাণের দুর্বলতা স্পষ্ট হয়েছে, যা কোনো অভিযোগপত্র দিয়েই পূরণ করা সম্ভব নয়।
৬৪ বছর বয়সী বাসফিল্ড ‘থার্টিসামথিং’ সিরিজের জন্য এমি অ্যাওয়ার্ড জিতেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি একজন দক্ষ অভিনেতা এবং পরিচালক হিসেবে সুপরিচিত হলেও এই গুরুতর আইনি জটিলতা তার ভাবমূর্তিকে বড় সংকটের মুখে ফেলেছে।
সূত্র: সিএনএন


