
স্টাফ রিপোর্টার | ঢাকা : সাত দিনের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার থেকে খুলেছে সরকারি ও বেসরকারি সব অফিস। প্রথম কার্যদিবসেই প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়-এ দেখা গেছে ব্যাপক কর্মচাঞ্চল্য।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ঠিক ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন। বর্তমানে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছুটির পর প্রথম দিনেই প্রধানমন্ত্রীর দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি নির্ধারিত রয়েছে। বেলা ১১টায় দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এছাড়া বিদেশে দক্ষ জনবল প্রেরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে একটি বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনায় সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে।
সচিবালয় সূত্র জানায়, দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক ইস্যুতে সিদ্ধান্ত আসতে পারে।
দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রীর এমন ব্যস্ত সূচি প্রশাসনে গতি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


