অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য। তিনি জানান, নদীপথে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, চলাচলরত লঞ্চ ও অন্যান্য নৌযানকে যে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর তীরে নিরাপদ স্থানে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় নৌযান চলাচলের সিদ্ধান্ত নেবে।
এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন নৌঘাটে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।


