অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ১২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাতজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
গত বছরের চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং এ সময়ে ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে।


