অনলাইন ডেস্ক

বরিশাল প্রতিনিধি: গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেসক্লাব আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন-এর ওপর মানুষের আস্থা কমে গেছে। এই আস্থা পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের পাশাপাশি কতটুকু স্বায়ত্তশাসন দেওয়া যায়, সে বিষয়েও সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, অপতথ্য ও ভুয়া তথ্যের বিস্তার রোধে তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।
প্রেসক্লাবের কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, একটি এলাকায় একাধিক প্রেসক্লাব থাকা উচিত নয়। একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেসক্লাবের মাধ্যমে সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিভক্ত অবস্থায় গণমাধ্যমের শক্তি দুর্বল হয়ে পড়ে।
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য প্রশাসনকে সহায়ক ভূমিকা রাখতে হবে।


