অনলাইন ডেস্ক

খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে “স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” স্লোগানকে সামনে রেখে এই সেবা চালু করা হয়।
জানা গেছে, খুলনা–৩ আসনের প্রতিটি থানার আওতাধীন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ছয়টি পয়েন্টে ২৪ ঘণ্টা হাই-স্পিড ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ স্থাপন করা হয়েছে। কোনো পাসওয়ার্ড ছাড়াই যে কেউ এই ওয়াইফাই সেবায় সংযুক্ত হতে পারবেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বিশ্বে ইন্টারনেট শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের অন্যতম প্রধান মাধ্যম। সহজ ইন্টারনেট সুবিধা তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে, অনলাইন শিক্ষা গ্রহণে এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের সুযোগ তৈরিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে খুলনা–৩ আসনের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ফ্রি ওয়াইফাই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল বৈষম্য কমানো, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং টেকসই কমিউনিটি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ফ্রি ওয়াইফাই চালু হওয়ায় শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পরিবার শিক্ষা, চাকরির তথ্য, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবে।


