অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, এই দুঃখজনক সময়ে জাতিসংঘ মরহুম নেত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আন্তর্জাতিক এই শোকবার্তাগুলোতে দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান স্মরণ করা হয়। তাঁর প্রয়াণে বাংলাদেশ এক অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল বলে মন্তব্য করছেন বিভিন্ন মহল।


