অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি এমন এক সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন, যখন দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ এবং দেশের রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন।


