অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও বিদেশে নেওয়ার বিষয়ে তার পরিবারের সব অনুরোধই অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
পোস্টে শফিকুল আলম লিখেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে তাকে প্রশ্ন করা হয়—অন্তর্বর্তী সরকার কি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সহায়তা করছে? জবাবে তিনি বলেন, “সরকার বেগম জিয়াকে বিদেশে পাঠানোসহ চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করা অব্যাহত রাখছে।”
প্রেস সচিবের এ বক্তব্যে ইঙ্গিত মিলেছে, খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের জটিলতা বা বদ্ধতার সুযোগ নেই। বরং তার চিকিৎসা ব্যবস্থাপনায় সরকার সরাসরি সহযোগিতামূলক অবস্থান নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
খালেদা জিয়ার পরিবার দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ কী—তা এখনো স্পষ্ট না হলেও, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


