
অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই রায় বাংলাদেশের বিচারব্যবস্থায় একটি স্পষ্ট বার্তা দিয়েছে— ক্ষমতা বা অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
সোমবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই–অগাস্টের গণঅভ্যুত্থানে নিহত ও নির্যাতনের শিকার হাজারো মানুষের জন্য এই রায় “গুরুত্বপূর্ণ হলেও অপর্যাপ্ত” বিচার নিশ্চিত করেছে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের অপেক্ষার পর ভুক্তভোগী পরিবারগুলোর জন্য এটি ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, রায় ঘোষণার মাধ্যমে বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হলেও ন্যায়বিচারের পূর্ণ বিকাশে আরও পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন প্রধান উপদেষ্টা।
রায়কে ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। সরকারপক্ষ বলছে, এটি দেশে আইনের শাসন পুনরুদ্ধারের পথে আরেকটি মাইলফলক। অন্যদিকে, মানবাধিকার সংশ্লিষ্ট মহল রায়ের পরবর্তী প্রক্রিয়া এবং বাস্তবায়ন পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে।


