কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার বিকেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে আজ থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হবে।
সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নান সভাপতিত্ব করেন। সভায় নির্বাচন কমিশনার জানান, নির্বাচনকে সামনে রেখে যদি কোনো প্রার্থী দলীয় প্রভাব খাটায় বা কোনো ধরনের অনিয়মে জড়িত থাকে, তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে হবে এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করা হবে। কোনো প্রার্থী যদি রোহিঙ্গাদের ব্যবহার করে ভোটে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।
নির্বাচন কমিশনার কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপসহ জেলা জুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানোর নির্দেশ দেন।
তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের স্বার্থে সবাইকে সম্পূর্ণ স্বাধীনভাবে, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।


