অনলাইন ডেস্ক

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার না করা পর্যন্ত র্যাব সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান।
রবিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই র্যাবের সব ধরনের প্রক্রিয়া ও সক্ষমতা কাজে লাগিয়ে দিনরাত ২৪ ঘণ্টা তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। “১২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আমরা এই ঘটনায় জড়িত ৮ জন আসামিকে গ্রেফতার করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করেছি,” বলেন তিনি।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তবে প্রধান লক্ষ্য হচ্ছে মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করা। “তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে এবং আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব,” যোগ করেন তিনি।
ফয়সাল ও আলমগীর দেশের বাইরে পালিয়ে গেছেন কি না—এমন প্রশ্নের জবাবে র্যাব ডিজি জানান, প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। “তাদের অবস্থান শনাক্ত করা গেলে গ্রেফতার নিশ্চিত করা হবে। কোনো আসামি দেশের বাইরে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া রয়েছে। একাধিক উপায় আছে,” বলেন তিনি।
তিনি জানান, আসামিদের অবস্থান শনাক্ত করা গেলে আইনি ও কূটনৈতিক সব ধরনের প্রক্রিয়া প্রয়োগ করে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।


