অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। তারা যেখানেই থাকুক না কেন, আইনের আওতায় আনা হবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমি অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি—জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত।”
তিনি আরও বলেন, “পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।”
ড. ইউনূস জানান, হামলার পর থেকে শরিফ ওসমান হাদি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি দেশবাসীর কাছে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই—এই ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
ভাষণের শেষাংশে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সংযম বজায় রাখুন। অপপ্রচার ও গুজবে কান দেবেন না। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট টেরোরিস্টদের আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসতে পারবে না।”


