ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। হামলাকারী মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদির উপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাত ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা হাসপাতাল পরিদর্শনে যান। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও হাসপাতালে আসেন এবং ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। অধ্যাপক ইউনূস বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিতে উল্লেখ করেছেন যে, নির্বাচনী পরিবেশে এই ধরনের সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।



