অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি বিতর্কিত ভিডিও সরিয়ে নিয়েছেন, যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে ‘বানর’ হিসেবে দেখানো হয়েছিল। ভিডিওটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক সমালোচনার মুখে তা সরিয়ে ফেলা হয়।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় এক মিনিটের ওই ভিডিওটিতে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে ধরা হয়েছিল। ভিডিওর শেষাংশে ওবামা দম্পতির মুখ প্রাণীর শরীরে বসানো একটি ক্লিপ দেখানো হয়, যেখানে ব্যাকগ্রাউন্ডে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানটি বাজছিল।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি ভিডিওটির শুরু অংশ দেখেছিলেন এবং শেষাংশে বিতর্কিত ক্লিপ রয়েছে তা জানতেন না। তিনি দাবি করেন, “আমি কোনও ভুল করিনি।”
হোয়াইট হাউস শুরুতে ভিডিওটিকে একটি ‘ইন্টারনেট মিম’ হিসেবে বর্ণনা করে সমালোচনাকে অতিরঞ্জিত বলা হলেও পরে জানানো হয়, এক কর্মী ভুলবশত পোস্টটি করেছিলেন। পরে সমালোচনা বাড়লে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
ভিডিওটি প্রকাশের পর রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের রাজনীতিকদের কাছ থেকেই সমালোচনা আসে। রিপাবলিকান সিনেটর টিম স্কট পোস্টটিকে হোয়াইট হাউস থেকে বের হওয়া “সবচেয়ে বর্ণবাদী” বিষয়গুলোর একটি বলে উল্লেখ করে দ্রুত এটি সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
এদিকে, এই ঘটনায় ট্রাম্পের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ওবামার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। অতীতে ট্রাম্প ওবামার জন্মস্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যদিও পরে তিনি সেই দাবি থেকে সরে আসেন।
ঘটনাটি নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত ওবামা দম্পতির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


