অনলাইন ডেস্ক

অপেক্ষার প্রহর শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের ভিড় জমতে শুরু করে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় দীর্ঘ সারিতে পরিণত হয়। নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ—সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারাদেশে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশেই ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে এসেছেন, আবার কেউ এসেছেন প্রতিবেশী বা বন্ধুদের সঙ্গে।
এবারের বহুল প্রতীক্ষিত নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


