অনলাইন প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোন রাজনৈতিক দল থেকে তিনি প্রার্থী হবেন, সে বিষয়ে এখনই স্পষ্ট কোনো ঘোষণা দিতে চাননি।
মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন করব এটা নিশ্চিত। তবে কোন দল থেকে করব, পরে জানানো হবে।’
নির্বাচনে অংশ নিতে হলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে কি না—এ সম্পর্কেও তিনি সরাসরি কিছু জানাননি। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।’
এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ফলে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখে নির্বাচনে অংশ নেওয়া যাবে কি না—সে বিষয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
দেশের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে আসিফ মাহমুদের এই মন্তব্য নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


