
নিজস্ব প্রতিবেদক : পুরোনো ও ত্রুটিপূর্ণ মিসরীয় উড়োজাহাজ ভাড়ায় এনে সরকারের ৭৪১ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বিচারপতি এ এফ এ মেসবাহউদ্দিনসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত আজ বুধবার এ আদেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক (প্রকৌশল ও উপকরণ) প্রকৌশলী হুমায়ুন কবির ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম মোশাররফ হোসেন।
এর আগে তিন আসামি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
দুদকের মামলায় বলা হয়, মিসরের একটি কোম্পানি থেকে পুরোনো ও ত্রুটিপূর্ণ উড়োজাহাজ ভাড়ায় এনে সরকারি অর্থের অপচয় ঘটানো হয়। এতে সরকারের প্রায় ৭৪১ কোটি টাকার ক্ষতি হয়। তদন্তে দেখা যায়, এই চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলে।
দুদকের উপপরিচালক মো. মাহবুবুল আলম ২০২৩ সালের ৩১ মে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়।
আদালতের পরবর্তী তারিখে মামলাটির অভিযোগ গঠনের শুনানি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।


