অনলাইন ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ভালো দৃষ্টান্ত রেখে যেতে চায়। জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার কাজ করছে, আর তারই অংশ হিসাবে ই-পারিবারিক আদালতের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন,
“জনগণের সেবার জন্য এই ই-পারিবারিক আদালতের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে, সেটা বিপ্লব হবে।”
তিনি আরও বলেন, ই-পারিবারিক আদালত চালুর মাধ্যমে বিচারপ্রার্থীরা আগের তুলনায় আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলাহীন সেবা পাবেন। বিশেষ করে পারিবারিক মামলার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সেবা ভোগান্তি কমাবে এবং আদালতের কার্যক্রমের ওপর জনগণের আস্থা বাড়াবে।
সরকারের বিভিন্ন দপ্তরে ডিজিটাল সেবা সম্প্রসারণের ধারাবাহিকতার অংশ হিসেবেই বিচারব্যবস্থায় এই প্রযুক্তিগত অগ্রগতি, যা ভবিষ্যতে দেশের বিচার ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আইনজীবী, বিচারক, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


