অনলাইন ডেস্ক

ইরানের চলমান অস্থির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন—এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সোমবার এক সংবাদ সম্মেলনে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাও নিং জানান, ইরানে অবস্থানরত কোনো চীনা নাগরিক এখন পর্যন্ত নিহত বা আহত হয়েছেন—এমন কোনো তথ্য চীনের কাছে নেই। তবে পরিস্থিতির অবনতির আশঙ্কা বিবেচনায় রেখে চীন সরকার দেশটিতে থাকা নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও বলেন, ইরানে থাকা চীনা নাগরিকদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিজেদের নিরাপদ রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে তারা তেহরানে অবস্থিত চীনা দূতাবাস বা কনসুলার হটলাইনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়


