অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরাক থেকে সেনা প্রত্যাহার করেছে ন্যাটো। জোটটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে তাদের চলমান প্রশিক্ষণ ও সহায়তা মিশনের সব সদস্যকে নিরাপদে ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ন্যাটো জানায়, এটি একটি নন-কমব্যাট মিশন ছিল, যেখানে কয়েকশ সদস্য ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কাজে নিয়োজিত ছিলেন। সর্বশেষ সদস্যরাও ইতোমধ্যে ইরাক ত্যাগ করেছেন।
ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা সাঈদ আল জায়াশি জানিয়েছেন, এই সেনা প্রত্যাহার স্থায়ী নয়। তার ভাষ্য অনুযায়ী, ইরান সংশ্লিষ্ট সংঘাত শেষ হলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ন্যাটো সদস্যরা পুনরায় ইরাকে ফিরে আসবেন।
অন্যদিকে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইরাক থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে পোল্যান্ডও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়াদিস্লাও কোসিনিয়াক-কামিশ বলেন, বর্তমান পরিস্থিতিতে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক স্পষ্ট করেছেন, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা তাদের দেশের সরাসরি নিরাপত্তার জন্য তাৎক্ষণিক হুমকি নয়। ফলে এই সংঘাতে অংশ নিতে অতিরিক্ত সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইরাকসহ আশপাশের দেশগুলোতে আন্তর্জাতিক সামরিক উপস্থিতি সাময়িকভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে, যা বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।


