অনলাইন ডেস্ক

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটির পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযান চলাকালে ‘অপারেশন এপিক ফিউরি’-এর সময় এই দুর্ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় দুটি মার্কিন বিমান আকাশে ছিল। এর মধ্যে একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
সেন্টকমের দাবি, প্রাথমিক তদন্তে শত্রুপক্ষের হামলা কিংবা নিজেদের বাহিনীর ভুলবশত হামলা—কোনোটির সঙ্গেই এই দুর্ঘটনার সম্পর্ক পাওয়া যায়নি।
হতাহতের তথ্য অনিশ্চিত
এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানে থাকা ক্রু সদস্যদের ভাগ্য সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সাধারণত এই ধরনের কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে তিন থেকে চারজন ক্রু সদস্য থাকেন।
তবে ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক গোয়েন্দা তথ্যে বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উদ্ধার অভিযান চলছে
সেন্টকম জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্গম এলাকা এবং চলমান সামরিক পরিস্থিতির কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
চলমান সংঘাতে নতুন ধাক্কা
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, চলমান সামরিক অভিযানে তাদের সাতজন সদস্য নিহত এবং প্রায় ১৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানান পেন্টাগনের মুখপাত্র শন পারনেল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য সর্বশেষ বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এপি, আল-জাজিরা।


