নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৫ ডিসেম্বর – বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা অর্জন ও প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ ৪৩টি প্রতিষ্ঠানকে ‘কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ১২তম ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইসিএসবি সভাপতি হোসেন সাদাত এফসিএস।
আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী, ২০২৪ সালে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বিএসইসির কর্পোরেট গভর্ন্যান্স কোডের সাথে সঙ্গতিপূর্ণ কার্যক্রমের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী ৪৩টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কারটি গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয়।
প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “এই অ্যাওয়ার্ড কেবল একটি স্বীকৃতি নয়, বরং এটি দেশের কর্পোরেট গভর্ন্যান্স চর্চার মানদণ্ড নির্ধারণ করে।” লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অন্যান্য অতিথিরা আইসিএসবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
আইসিএসবির সভাপতি হোসেন সাদাত এফসিএস বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আইসিএসবি বাংলাদেশের কর্পোরেট খাতে একটি শক্তিশালী গভর্ন্যান্স সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশিষ্টজন, সরকারি কর্মকর্তা, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


