কর্পোরেট ডেস্ক

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – কার্ড ডাটা নিরাপত্তা ব্যবস্থাপনায় ধারাবাহিক অঙ্গীকার ও সক্ষমতার প্রতিফলন হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI DSS) সার্টিফিকেশন অর্জন করেছে। এটি ব্যাংকের জন্য টানা চতুর্থ (৪র্থ) বছর।
ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে বৃহস্পতিবার অনুষ্ঠিত সার্টিফিকেশন হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার হাতে আনুষ্ঠানিকভাবে PCI DSS সার্টিফিকেশন প্রদান করেন সার্টিফিকেশন প্রদানকারী প্রতিষ্ঠান রিস্ক অ্যাসোসিয়েটস-এর সিইও ড. আফতাব রিজভি এবং এসএসএল ওয়্যারলেস লিমিটেড-এর সিইও জনাব ইফতেখার আলম ইসহাক।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ, সিনিয়র টিমের সদস্যবৃন্দ, বিভিন্ন কর্মকর্তাগণ এবং রিস্ক অ্যাসোসিয়েটস ও এসএসএল ওয়্যারলেস লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
PCI DSS সার্টিফিকেশন ব্যাংকের কার্ড কার্যক্রমকে নিরবচ্ছিন্নভাবে পরিচালনা, নিয়ন্ত্রক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং ডিজিটাল পেমেন্ট সেবায় গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক এই মানদণ্ড অনুসরণের মাধ্যমে আইএফআইসি ব্যাংক কার্ড ডাটা নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করছে, যা গ্রাহকের সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে এবং ডিজিটাল ও কার্ডভিত্তিক ব্যাংকিং সেবায় আস্থা বৃদ্ধি করবে।


