অনলাইন ডেস্ক

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করেন। এদিন মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২২ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, এর আগে গত ১৪ জানুয়ারি শুনানিকালে কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত তাদের আইনজীবী নিয়োগ এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এ ঘটনায় ইসকন অনুসারীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এবং পরে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা আদালত এলাকায় মসজিদ, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়।
ওইদিন বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় গত বছরের ২৯ নভেম্বর দিবাগত রাতে নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে প্রথমে ৩১ জনের নাম উল্লেখ করা হয়।
২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তিনজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়। একই সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনকে নতুন করে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পরে গত বছরের ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করেন। সর্বশেষ সোমবার চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।


