অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের সময়ে জাপানের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা ও যাচাই-বাছাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। দক্ষ কর্মী পাঠাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাপান রাষ্ট্রদূত।
হুমায়ুন কবির বলেন, বেসরকারি খাতের মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ রফতানি নিয়ে জাপানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী এবং দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নে কাজ করবে বর্তমান সরকার।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার জাপানের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি করে গেছে, তা বর্তমান সরকার যথাযথভাবে যাচাই-বাছাই করবে।
এর আগে একই দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (South Asian Association for Regional Cooperation) মহাসচিব মো. গোলাম সারওয়ার।
বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সার্কের প্রতি আগ্রহ রয়েছে এবং সংস্থাটিকে আরও গতিশীল করতে নতুন সরকার কাজ করতে চায়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি কৌশলগত চুক্তিগুলোতেও স্বচ্ছতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।


