শুক্রবার, মে ১, ২০২৬

আবেগের ঊর্ধ্বে পরিকল্পনা: তারেক রহমানের প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা

পাঠক প্রিয়

ইসতিয়াক মাহমুদ মানিক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের যে অভূতপূর্ব ঢল নেমেছিল, তা কেবল একটি রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা নয়—এটি ছিল জাতির আবেগ, স্মৃতি ও প্রত্যাশার সম্মিলিত বহিঃপ্রকাশ। দলমতনির্বিশেষে মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, বেগম খালেদা জিয়া ছিলেন কেবল বিএনপির চেয়ারপারসন নন, বরং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। একই সঙ্গে এই দৃশ্যটি রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপির প্রতি গণমানুষের গভীর অনুভূতিরও প্রতিফলন।

এর মাত্র পাঁচ দিন আগে, ২৫ ডিসেম্বর, দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনেও দেখা যায় একই আবেগের বিস্ফোরণ। বিমানবন্দর থেকে নগরপথ—সবখানেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্পষ্ট করে দেয়, এই প্রত্যাবর্তন নিছক রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি ছিল জনগণের পক্ষ থেকে দেওয়া এক নীরব স্বীকৃতি। এই ভালোবাসা বিএনপিকে যেমন গৌরবান্বিত করেছে, তেমনি এক গভীর দায়বদ্ধতার বন্ধনেও আবদ্ধ করেছে—যার প্রতিদান দিতে হবে জনগণের জীবনমান, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে।

‘আই হ্যাভ আ প্ল্যান’: আবেগ নয়, ভবিষ্যৎ ভাবনার ঘোষণা

লাখো মানুষের সংবর্ধনার জবাবে তারেক রহমানের উচ্চারণ করা তিনটি শব্দ—‘আই হ্যাভ আ প্ল্যান’—বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। এটি ছিল কোনো তাৎক্ষণিক আবেগের বক্তব্য নয়; বরং সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে, তিনি দেশ ও জনগণকে নিয়ে ভাবছেন পরিকল্পনার জায়গা থেকে।

ইতিহাসে ‘আই হ্যাভ আ…’ উচ্চারণ রাজনৈতিক দিকনির্দেশ বদলে দেওয়ার নজির রেখেছে। মার্টিন লুথার কিং যেমন তাঁর বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের গতিপথ পাল্টে দিয়েছিলেন, তেমনি তারেক রহমানের বক্তব্যও বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার একটি রূপরেখা হাজির করে। তিনি রাষ্ট্র কীভাবে চলবে, প্রতিষ্ঠান কীভাবে শক্তিশালী হবে, গণতন্ত্র কীভাবে কার্যকর হবে—এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন।

কর্মসংস্থান থেকে প্রযুক্তি: চার স্তম্ভের উন্নয়ন দর্শন

তারেক রহমানের বক্তব্যে উঠে আসে ভবিষ্যৎ বাংলাদেশের চারটি মূল ভিত্তি—কর্মসংস্থান, স্বাস্থ্য, প্রযুক্তি ও প্রতিভা উন্নয়ন।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি কেবল শ্রম রপ্তানির প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসার কথা বলেন। ভাষাভিত্তিক দক্ষতা, দেশভিত্তিক প্রশিক্ষণ ও অঞ্চলভিত্তিক স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে উচ্চ আয়ের চাকরিতে বাংলাদেশিদের প্রবেশ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

খেলাধুলাকে তিনি শখ নয়, পেশা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলেন। জাতীয় পর্যায়ে কাঠামোবদ্ধ স্পোর্টস একাডেমি এবং ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির আধুনিক পুনর্গঠনের মাধ্যমে দেশজুড়ে প্রতিভা শনাক্ত করার লক্ষ্য তুলে ধরেন।

স্বাস্থ্য খাতে তাঁর দৃষ্টিভঙ্গি প্রতিরোধমূলক। সবার জন্য প্রিভেন্টিভ হেলথকেয়ার নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে স্বাস্থ্যসেবার পরিসর বাড়ানোর পরিকল্পনার কথা তিনি বলেন।

ডিজিটাল প্রজন্মের জন্য কম খরচের ইন্টারনেট, সাশ্রয়ী কো-ওয়ার্কিং স্পেস, অনলাইন উদ্যোক্তা সহায়তা এবং ভবিষ্যৎ প্রযুক্তিভিত্তিক দক্ষতা তৈরির কথা বলেন, যাতে তরুণরা কেবল চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে উঠতে পারে।

৩১ দফা সংস্কার: স্লোগান নয়, রাষ্ট্র পুনর্গঠনের নকশা

তারেক রহমানের রাজনৈতিক দর্শনের সবচেয়ে স্পষ্ট প্রকাশ ঘটেছে তাঁর প্রণীত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবে। এটি কোনো নির্বাচনি স্লোগান নয়; বরং রাষ্ট্রকে নতুন করে দাঁড় করানোর একটি বিস্তারিত রূপরেখা।

এই প্রস্তাবের মূল লক্ষ্য একটি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল বাংলাদেশ—যেখানে অর্থনীতি উৎপাদন ও কর্মসংস্থানের ওপর দাঁড়াবে, রাষ্ট্র পরিচালিত হবে শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে এবং জাতীয় সিদ্ধান্ত আসবে জনগণের ইচ্ছা থেকে। এখানে নিরাপত্তার ধারণাও কেবল বাহিনীকেন্দ্রিক নয়; ন্যায়বিচার, সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্র-নাগরিক আস্থার সম্পর্কই নিরাপত্তার মূল ভিত্তি।

অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রভাবনা ও রাজনৈতিক উত্তরাধিকার

তারেক রহমানের চিন্তাধারায় স্পষ্টভাবে প্রতিফলিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতা—জাতীয় আত্মমর্যাদা, বহুদলীয় গণতন্ত্র, আপসহীন ভোটাধিকার এবং জনগণের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন।

বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে জিয়াউর রহমান যে ‘রেইনবো স্টেট’-এর ধারণা দিয়েছিলেন—সব ধর্ম, সংস্কৃতি ও ভূগোলের মানুষকে এক ছাতার নিচে আনার রাষ্ট্রচিন্তা—তারেক রহমান সেই অন্তর্ভুক্তিমূলক দর্শনকেই সামনে আনছেন। এখানে রাষ্ট্র কোনো একক পরিচয়ের নয়; বৈচিত্র্যই রাষ্ট্রের শক্তি।

নির্বাসন, সংগ্রাম ও নেতৃত্বের প্রস্তুতি

দীর্ঘ নির্বাসনকাল তারেক রহমানের রাজনৈতিক জীবনের সহজ সময় ছিল না। মামলা, চাপ ও সীমাবদ্ধতার মধ্যেও তিনি দলীয় কাঠামো ধরে রেখেছেন, আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা দিয়েছেন। সরকারে কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও সংগঠন ও তৃণমূল রাজনীতিতে তাঁর মনোযোগ তাঁকে একটি পরিকল্পনাভিত্তিক নেতৃত্বে পরিণত করেছে।

ইতিহাস বলে, নির্বাসন থেকে ফেরা নেতারা কেবল দেশে ফেরেন না; তাঁরা জনগণের মাধ্যমে এক ধরনের রাজনৈতিক অভিষেক লাভ করেন। তারেক রহমানের প্রত্যাবর্তনও সেই বাস্তবতারই ইঙ্গিত বহন করে।

প্রত্যাশার কেন্দ্রে গণতন্ত্র ও আস্থা

আজ বাংলাদেশের মানুষের প্রত্যাশা কোনো অলৌকিক সমাধান নয়। তারা চায় কার্যকর গণতন্ত্র, ভোটের মর্যাদা, নাগরিক নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার। তারা চায় এমন একটি রাষ্ট্র, যেখানে ভিন্নমত মানেই শত্রুতা নয়, যেখানে তরুণদের প্রথম পছন্দ হবে দেশ গড়া—দেশ ছাড়ার চিন্তা নয়।

তারেক রহমানের দিকে তাকিয়ে মানুষ দেখছে এমন এক নেতৃত্বের সম্ভাবনা, যিনি ক্ষমতার আগে দায়িত্বের কথা বলেন, আবেগের আগে পরিকল্পনার কথা তোলেন। এই প্রত্যাবর্তন তাই কেবল একজন নেতার দেশে ফেরা নয়—এটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি রাজনৈতিক দিকনির্দেশনার ঘোষণা।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ