অনলাইন ডেস্ক

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, “নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমরা কোনো শোকজ করব না। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।”
সোমবার নারায়ণগঞ্জের বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন,
ভোট গ্রহণকারীদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল। নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ, স্বচ্ছতা এবং ভোটারদের আস্থা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। তিনি নির্বাচনকর্মীদের উদ্দেশে আরও বলেন, দায়িত্ব পালনে যদি কোনো চাপ সৃষ্টি হয় বা বেআইনি প্রভাব বিস্তার করার চেষ্টা থাকে, তবে তাৎক্ষণিকভাবে কমিশনকে অবহিত করতে হবে।
কর্মশালায় বক্তারা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের করণীয়, প্রযুক্তিগত চ্যালেঞ্জ, নিরাপত্তা সমন্বয় এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ— এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিতে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে পুনর্ব্যক্ত করে কমিশনার জানান, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখবে।


