
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মোকরামপুরের আলীনগর গ্রামের তরিকুল ইসলাম প্রমাণ করেছেন, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে জীবনের কোনো বাধা অবরোধ হতে পারে না। স্কুলে ভর্তি হলেও তিনি দ্বিতীয় শ্রেণির গণ্ডি পেরোতে পারেননি। শৈশবেই পোলিও রোগে আক্রান্ত হয়ে শরীরের একটি অংশের কার্যক্ষমতা হারান। সেই থেকে চলতে–ফিরতে ক্রাচ তার নিত্যসঙ্গী।
শরীরের এই সীমাবদ্ধতা তরিকুলকে থামাতে পারেনি। ধৈর্য, অধ্যবসায় ও উদ্যোক্তা মনোভাবের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি ‘ফিন্টু সুপার অটো রাইস মিল’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে ছয়জন মহাব্যবস্থাপক এবং ২০০ কর্মচারী কাজ করছেন।
তরিকুল বর্তমানে দুটি অটো রাইস মিলের মালিক এবং স্থানীয়ভাবে একজন অনুকরণীয় উদ্যোক্তা হিসেবে খ্যাত। তার উদাহরণ প্রমাণ করে যে, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারে না। তিনি স্থানীয় ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণার উৎস।


