শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আওয়ামী লীগ নেতার অ্যাফিডেভিট করে পদত্যাগ!

পাঠক প্রিয়

ভৈরব

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান দল থেকে পদত্যাগ করেছেন। তিনি নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করে এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মাহবুবুর রহমান ছয়সূতি ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। জানা গেছে, তিনি গত বৃহস্পতিবারই পদত্যাগের ঘোষণা অ্যাফিডেভিট করেছেন। আজ রোববার সকাল থেকে তার দল ছাড়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দল ছাড়ার কারণ জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, “অফিসে যাই, তালা। বাড়িতে গেলে উত্তর আসে—নাই। নেতা পাই না, তাই অ্যাফিডেভিট করে আওয়ামী লীগকে ছাড়তে হলো।”

পদত্যাগের কারণ হিসেবে মাহবুবুর অ্যাফিডেভিটে উল্লেখ করেন, বর্তমান ও অতীতে আওয়ামী লীগের অপরাধমূলক কর্মকাণ্ড তিনি আর সহ্য করতে পারছেন না। ২০১৪ সালে তিনি দলীয় পদটি গ্রহণ করেন। পদ থাকলেও কখনো তিনি দলে সক্রিয় ছিলেন না। পদত্যাগের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

পরিবার সূত্র জানায়, ভিন্ন কৌশলে দল ছাড়ার পেছনে মাহবুবুরের মধ্যে লুকিয়ে আছে চাপা কষ্ট। আওয়ামী লীগ শাসনামলে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। তবে মামলাগুলো রাজনৈতিক নয়। পারিবারিক ও বাণিজ্যিক কারণে হওয়া মামলা। এ কারণে বছরের বড় একটি সময় তাঁকে আদালতে আসা–যাওয়া করতে হয়। তাঁর বিশ্বাস, দলীয় লোকজন মামলা না করলেও প্রতিটি মামলায় দলের কোনো না কোনো নেতার ইন্ধন রয়েছে। এ থেকেই তাঁর মনে হয়েছে, রাজনীতি আর নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, দলীয় কার্যালয়ে কাউকে পাওয়া যায় না সত্য, তবে চাইলে যেকোনো প্রক্রিয়ায় দায়িত্বশীল নেতার হাতেই পদত্যাগপত্র দেওয়া যেত। তা না করে ভিন্ন কৌশল অবলম্বনের পেছনে তাঁর ভিন্ন মতলব থাকতে পারে। অ্যাফিডেভিট করে দল ছেড়ে তিনি দলকে ছোট করেছেন, স্বার্থপরতার পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে মাহবুবুর রহমান বলেন, ‘এখনো পাঁচটা মামলা চলছে। আদালতে দৌড়াতে দৌড়াতে কাহিল। ভিন্ন মতলব নেই। শারীরিক অবস্থাও ভালো নয়। সামাজিকতা ছাড়া আর কারও সঙ্গে যোগাযোগ রাখতে চাই না। রাজনীতিও না। আর আমি যে পদত্যাগ করলাম, নেতারা এলাকায় না থাকায় কথাটা সবাইকে বিশ্বাস করাতে অ্যাফিডেভিটে যাওয়া ছাড়া বিকল্প ছিল না বলেই যেতে হয়েছে।’

তার এই পদত্যাগে ছয়সূতি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রমে প্রভাব পড়বে কি না, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ