নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ – নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে—এই সংশোধিত বিধানের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করেছে হাই কোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল এই রায় দেন।
আইনজীবীদের মতে, হাই কোর্টের রায়ের ফলে জোটভুক্ত দলগুলোর প্রার্থীরা নির্বাচনে নিজেদের দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে, নতুন বিধান সংযোজন করে গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছিল।
এর আগে কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের অন্যান্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেত। তবে সংশোধিত অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন ৩০ নভেম্বর রিট করেছিলেন।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব সাংবাদিকদের বলেন, “শুনানি শেষে হাই কোর্ট রুল ডিসচার্জ অর্থাৎ রিট খারিজ করেছেন। ফলে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশের ৯ অনুচ্ছেদ বহাল থাকল এবং নির্বাচনে জোটভুক্ত দলও নিজ দলের প্রতীকে ভোটে অংশ নেবে।”
রিটের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের জানান, হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


