অনলাইন প্রতিবেদক

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি, ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকতার আদর্শ, গুণগত শিক্ষা এবং মূল্যবোধভিত্তিক পেশাগত চর্চার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষকতা একটি মডেল পেশা। শিক্ষার্থীরা শিক্ষকদের আইকন হিসেবে দেখে। তাদের আচার-আচরণ, চিন্তা ও মূল্যবোধ শিক্ষার্থীদের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই শিক্ষকদের সব ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।”
তিনি নবীন শিক্ষকদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, লিঙ্গ সংবেদনশীলতা বজায় রাখা এবং রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা সদ্য যোগদানকৃত শিক্ষকদের সর্বদা পেশাদার আচরণ বজায় রাখার তাগিদ দেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে ‘ওউন’ করতে হবে এবং এর ভাবমূর্তি ও সম্পদ রক্ষায় সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ও অতিরিক্ত প্রক্টর শামসুদ্দোহা। অতিরিক্ত প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান-উল-মাসুদ এবং ইইই বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ, অতিরিক্ত রেজিস্ট্রার মেজর (অব.) এম. এ. রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সদ্য যোগদানকৃত শিক্ষকবৃন্দ।


