অনলাইন ডেস্ক

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয় এবং জাতি তা কখনো ভুলবে না।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দিতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। পাশাপাশি জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে যারা শহীদ বা আহত হয়েছেন, তাদের অবদানও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি মুক্তিযোদ্ধাসহ দেশপ্রেমিক জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান ও শক্তিকে আরও সুদৃঢ় করা সম্ভব।
সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


